এবার জাবি ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

জাবি প্রতিনিধি
spot_img
spot_img
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।
৩ অক্টোবর (শনিবার) প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত জানান।
পোস্টে সুমাইয়া সুলতানা ছিয়া উল্লেখ করেন, জাবি ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তাঁর রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে তিনি সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেন যে, পদ থেকে সরলেও শহীদ জিয়ার আদর্শ ও জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়াননি। ভবিষ্যতে সাংগঠনিক মূল্যবোধ ফিরলে পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, সুমাইয়া তাঁর ব্যক্তিগত ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ২৪ সেপ্টেম্বর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি শাখা ছাত্রদলের আরেক নেত্রী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় ছাত্রদল।

সর্বশেষ নিউজ