ঈদ আসলেই এটিএন বাংলায় একক গানের শো করেন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার একটি বিষয় ব্যতিক্রম যে, এটিএন বাংলার পাশাপাশি এবার সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজেও দেখা যাবে তাকে।
জানা যায়, এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। এ অনুষ্ঠানের গানগুলোর কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। এছাড়া চারটি গজলও রয়েছে।
অন্যদিকে এটিএন নিউজে থাকছে ‘তোমার মাঝে বাঁচি’শিরোনামে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। এতে থাকবে ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল শিরোনামের চারটি গজল। বাকি গানগুলো হচ্ছে আজ থেকে সবাইকে, তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমনী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি।
উল্লেখ্য, ড. মাহফুজুর রহমান ২০১৬ সাল থেকে শুরু করেছেন এই কাজ। মাঝে করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান। সেই ধারাবাহিকতায় এই কোরবানির ঈদেও গান গেয়েছেন তিনি। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।
(এইদিনএইসময়/২৬জুন/তাবী)

