বাংলাদেশি তারকাদের মধ্যে অনেকেই বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণ অ্যাকটিভ। সে দলেরই একজন নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের স্থিরচিত্র প্রায়ই নিজের বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি শোবিজের কোনো এক তারকাকে খোঁচা মেরেছেন। তার এ পোস্টে নেটিজেনদের ধারণা, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জায়েদ খানকে ইঙ্গিত করে পোস্টটি দিয়েছেন রবি চৌধুরী।
আজকাল তারকারা দেশে ফিরলে বিমানবন্দরে ভিড় লেগে যায় অনুরাগীদের। তবে বিষয়টি ভালো চোখে দেখছেন না এক সময়ের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। তিনি মনে করছেন ভাড়া করে লোক এনে কিছু তারকা নিজেদের ঢোল নিজেরাই পেটাচ্ছেন। তাদের ব্যঙ্গ করে জানালেন তিনিও এবার ঢাকায় বিমানবন্দরে নামার আগে লোক ভাড়া করবেন এবং সংবাদকর্মী, ইউটিউবারদের খবর দেবেন।
নিজের ফেসবুকে রবি চৌধুরী লিখেছেন, আরও একমাস থাকব আমেরিকায়। ভাবছি ঢাকায় ল্যান্ডিং করার আগে। কিছু সাংবাদিক বন্ধু এবং কিছু ইউটিউবারকে খবর দিব। আর কিছু ভাড়া করা লোক। কেমন হবে ব্যাপারটা জানতে পারি। ক্যারিয়ারের ৩৫ বছর চলছে। করিনি কখনো। এখন দেখলাম নিজের ঢোল নিজে পিটাই কিছু কিছু সেলিব্রেটি। এসব আমরা বুঝি। মানুষ এত বোকা না।
এদিকে বৃহস্পতিবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন শাকিব খান। বিমানবন্দরে নামতেই সাংবাদিক ও অনুরাগীরা ঘিরে ধরেন তাকে। এর আগে জায়েদ খান দেশে ফেরার পরও এমন দৃশ্য চোখে পড়ে।
তাই রবি চৌধুরী নিজের পোস্টে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদেন মন্তব্য ইঙ্গিত রয়েছে- তাদের নিয়েই এমন পোস্ট করেছেন তিনি। তবে এ বিষয়ে পোস্টে খোলাসা করেননি গায়ক।
উল্লেখ্য, নব্বই দশকে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন ছিলেন রবি চৌধুরী। বেতার, টেলিভিশন, চলচ্চিত্র- সর্বত্রই তার ছিল সরব বিচরণ। বর্তমানে সংগীতাঙ্গনে একেবারেই অনিয়মিত তিনি।
(এইদিনএইসময়/১২আগস্ট/এলএ)

