আরশের ওপর চাপানো অভিযোগ অসত্য, মুখ খুললেন চমক

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বেশ কয়েক দিন আগের ঘটনা। সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার দাবি, এই অভিনেতা তার কাছে বন্ধুর চেয়ে বেশি কিছু চেয়েছেন। তিনি তাতে রাজি না হওয়ায় ষড়যন্ত্র শুরু করেছেন।

সেদিন ছিল ৪ আগস্ট। সেদিন আদিব হাসান পরিচালিত ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ শিরোনামে নাটকের সেটে চমকের দেরি করে উপস্থিত হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। জানা যায়, তিনি নাকি শুটিংয়ের সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সিনিয়র শিল্পীকে ছেড়ে কথা বলেননি। এমনকি সেটে পুলিশও আসে।

এরপর আদিব হাসান ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ করেন। অন্যদিকে চমকও অভিনয় শিল্পী সংঘের কাছে অভিযোগ দেন। বিষয়টি নিয়ে বসেনে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘের নেতারা। সংগঠন তিনটি রোববার (১৩ আগস্ট) বিকেলে সমস্যাটির সমাধানে বসে। এ সময় অভিযোগকারী চমক ও নির্মাতা আদিব হাসানের অভিযোগ শোনা হয়। সেইসঙ্গে সাক্ষী হিসেবে অভিনেতা আরশ খানের বক্তব্য শোনেন সংগঠনের নেতারা।

পরে সোমবার (১৪ আগস্ট) অভিনয়শিল্পী সংঘ এক বার্তায় সভার সিদ্ধান্ত লিখিত আকারে পাঠায়। সেখানে অভিনেত্রী চমককে দোষী সাব্যস্ত করা হয়। এতে আগামী ছয় মাসের জন্য চার শর্তে অভিনয় ও ব্যক্তিগত কাজ মেনে চলার নির্দেশ দেওয়া হয়। চমক বিষয়টি মেনে দুঃখ প্রকাশ করলেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (১৬ আগস্ট) পরপর দুটি স্ট্যাটাস দেন। সেখানে সরাসরি কিছু না বললেও ইশারা ছিল ভিন্ন।

অনেকটা কবিতার ছলে তিনি লেখেন-

দিন শেষে সব দোষ নন্দ ঘোষের/আনন্দবাবু তো তুলসীপাতা।

তা-ও আবার ধোঁয়া/যায় না তাকে ছোঁয়া।

নন্দ ঘোষের মুখে তালা/ভয়ভীতিও আছে।

পাছে সবাই করে ছি ছি তারে/কেটে দেয় তার ডাল-পালা,

যদিও একটু বাড়ে।

থাক, এবার না হয় বাঁচুক প্রাণ/কে নেবে, যদি রাখে ঈশ্বর মানীর মান।

দুষ্টু লোক এবার দিলেও ফাঁকি/মনে রেখো, তার হিসেব রইল শ’খানেক বাকি।

তিনি আরও এক স্ট্যাটাসে লেখেন, বাংলাদেশ একদমই একটি নারীবাদী দেশ। এখানে মেয়েরা সর্বস্থলে সবসময় নিরাপদে এবং নিশ্চিন্তে কাজ করতে পারে, কোথাও কারও কাছে কিংবা কোনো পরাশক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথানত করতে হয় না। নিরাপদে নির্ভীক থাকুক প্রতিটি মেয়ে।

এর আগে, নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন চমক। সেইসঙ্গে ফখরুল বাশার মাসুম ও আরশ খানের কাছে দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন। তবে যে নাটকের সেটে ঘটনাটি ঘটেছিল এবং সে সময় যারা উপস্থিত ছিলেন ওই নাটকের সেটে তাদের সবার সামনে চমককে দুঃখ প্রকাশ করতে হবে বলে সংগঠনগুলো থেকে জানানো হয়েছে।

(এইদিনএইসময়/১৬আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ