অভিনেতা আরশ খান ও নির্মাতা আদিব হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাস্তি ঘোষণা করা হয়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। অভিনয়শিল্পী সংঘের রায়ে জরিমানা প্রদান এবং আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। শাস্তি ঘোষণার পরপরই সামাজিকমাধ্যমে কারও নাম উল্লেখ না করে দুটি পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী। এর একটি গদ্যে, অপরটি ছন্দে ছন্দে।
বুধবার ভোর ৩টা ৪৪ মিনিটের ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন— ‘বাংলাদেশ একদমই একটি নারীবাদী দেশ। এখানে মেয়েরা সর্বস্থলে সবসময় নিরাপদ ও নিশ্চিন্তে কাজ করতে পারে। কোথাও কারও কাছে কিংবা কোনো পরাশক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথানত করতে হয় না। নিরাপদে নির্ভীক থাকুক প্রতিটি মেয়ে।’
এর কিছুক্ষণ পরই ছন্দে ছন্দে আরো একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী চমক। যেখানে তিনি লিখেছেন,
‘দিনশেষে সব দোষ নন্দ ঘোষের।
আনন্দ বাবু তো তুলসীপাতা,
তাও আবার ধোঁয়া,
যায় না তাকে ছোঁয়া।
নন্দ ঘোষের মুখে তালা,
ভয়ভীতিও আছে,
পাছে সবাই করে ছিঃ ছিঃ তারে,
কেটে দেয় তার ডালপালা,
যদিও একটু বাড়ে।
থাক, এবার না হয় বাঁচুক প্রাণ,
কে নেবে, যদি রাখে ঈশ্বর মানীর মান।
দুষ্ট লোক এবার দিলেও ফাঁকি,
মনে রেখ, তার হিসাব রইল শখানেক বাকি।’
এর আগে অভিনেতা এবং নির্মাতার বিরুদ্ধে তোলা অভিযোগ ও দ্বন্দ্বের অবসানের জন্য টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ—এই তিন সংগঠনের আলোচনায় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন চমক। পাশাপাশি অভিনেতা মাসুম বাশার ও আরশ খানের কাছে দুঃখ প্রকাশ করেন।
(এইদিনএইসময়/১৮আগস্ট/এলএ)

