কয়েকদিন আগে খবর রটেছিল, আবারও মা হচ্ছেন পূর্ণিমা। এ বিষয়ে জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা গণমাধ্যমকে বলেন, এ ধরনের খবর মোটেও সত্যি নয়। এটি গুজব। আমার একটি কন্যাসন্তান আছে। আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না। নিলে সেটা আমিই জানাব। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি।
এদিকে বিনোদন দুনিয়ায় ওটিটির জোয়ার চললেও আগ্রহী নয় এই নায়িকা। সাফ জানিয়ে দিলেন, ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করবেন না তিনি।
পূর্ণিমা বলেন, ওটিটিতে যে কয়েকটা কাজ করেছি বলা যায় ওগুলো গেস্ট অ্যাপেয়ারেন্স ছিল। ‘মুন্সিয়ানা’ ওয়েব সিরিজ কিংবা ‘হোটেল রিল্যাক্স’দুটো একই। এছাড়া নতুন কোনো কাজ করছি না।
তিনি বলেন, প্রস্তাব নিয়মিতই পাচ্ছি কিন্তু করছি না। কারণ আমার মনে হয়, ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।
মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’। এছাড়া অর্ধেক কাজ শেষ হয়ে বাকি কাজ আটকে আছে ‘জ্যাম’ ছবির। কবে এই ছবির কাজ শেষ করা হবে, জানেন না নায়িকা। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও মাঝেমধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে।
(এইদিনএইসময়/২০আগস্ট/এলএ)

