সরাসরি কঙ্গনার নাম না নিয়েই তাকে ‘ভন্ড’ বলে ধুয়ে দিলেন স্বরা ভাস্কর

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলার ঘটনা। প্রাণ হারিয়েছেন দুই দেশের শত শত মানুষ।
রাশিয়া-ইউক্রেনের মতো এই যুদ্ধ নিয়েও উদ্বিগ্ন গোটা বিশ্ব। উদ্বেগ আর নিন্দা প্রকাশ করছেন তারকারাও।

তবে অনেকের মধ্যে ব্যতিক্রম বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি সরাসরি ইযরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের জঙ্গি আখ্যা দিয়ে বরাবরের মতোই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন।
এও বলেছেন, তিনি ইযরায়েলের বর্তমান পরিস্থিতির জন্য সমব্যথী।

শনিবার দুই দেশের সংঘাত শুরুর পরদিন ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখতে পারছি না। ইসরায়েলের নারীরা যেভাবে জঙ্গিদের হাতে আক্রান্ত হচ্ছেন,
সেসব দেখে আমি এতটাই ধাক্কা খেয়েছি—ক্ষতবিক্ষত, আতঙ্কিত। এমনকি ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। আরেকটা ভিডিওতে দেখলাম…। আমি ভেঙে পড়েছি সেটা দেখে। ইসরায়েলের এমন পরিস্থিতিতে আমি সমব্যথী।’

কঙ্গনার পোস্ট দেখে সোমবার পুরো ঘটনা নিয়ে নিজের মত দেন বলিউডেরই আরেক অভিনেত্রী স্বরা ভাস্কর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সমসাময়িক নানা ঘটনা নিয়ে নিজের মত দেন তিনি।
এবারও দিলেন, তবে সরাসরি কঙ্গনার নাম না নিয়েই তাকে ‘ভন্ড’ বলে ধুয়ে দিলেন।

স্বরা লিখেছেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল করা, জোরপূর্বক উচ্ছেদ করে দেওয়া, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনের শিশু-কিশোরদের হত্যা করা, কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে নাড়া না দেয়, তাহলে ইসরায়েলের ওপর হামাসের এই আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ‘ভণ্ডামি’ বলেই মনে হচ্ছে।’

এখানে কঙ্গনার নাম উল্লেখ না করলেও হাজার হাজার নেটবাসীর মন্তব্য, কঙ্গনাকে উদ্দেশ্য করেই পোস্টটি দিয়েছেন স্বরা ভাস্কর। তারা অভিনেত্রীর এই মতামতকে সমর্থনও জানিয়েছেন। এছাড়া ইযরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের জঙ্গি বলায় কঙ্গনার কড়া নিন্দাও করেছেন অনেকে।
(এইদিনএইসময/১০অক্টোবর/জেএস)

সর্বশেষ নিউজ