দেশের পাশাপাশি এক যুগেরও বেশি সময় ধরে ওপার বাংলার সিনেমাতেও সমানতালে অভিনয় করে চলেছেন জয়া আহসান।
সেই ধারাবাহিকতায় সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার টলিউড সিনেমা ‘দশম অবতার’, যেটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জী।
এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া। মুক্তির আগে সিনেমার প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার। দর্শ ছাড়াও যেটির প্রশংসা করছেন টলিউড তারকারাও।
তবে এক ধাপ এগিয়ে বলিউডের অ্যাকশন হিরো তথা বিখ্যাত অভিনেত্রী কাজলের স্বামী অজয় দেবগন যা করলেন, তা একটু অবাক হওয়ার মতোই।
বলিউড তারকারা সাধারণত পশ্চিমবাংলার সিনেমার প্রচার করেন না। অজয় সেটিই করলেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জয়া আহসানের ‘দশম অবতার’-এর একটি পোস্টার টুইটারে শেয়ার করেছেন ‘গোলমাল’ তারকা অজয় দেবগন।
ক্যাপশনে তিনি সিনেমাটির প্রশংসা করে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনাও জানিয়েছেন।
তবে অজয়ই প্রথম নয়, এর আগে ‘দশম অবতার’-এর ট্রেলার দেখে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।
এমনকি সবাইকে তিনি সিনেমাটি দেখার অনুরোধও করেছিলেন। এবার শুভেচ্ছো জানালেন অজয় দেবগন।
বলিউডের এই সুপারস্টার বিশেষ ভাবে উল্লেখ করেছেন ভারতের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চিরসবুজ নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা।
যিনি সিনেমাটিতে একজন বাঙালি পুলিশ অফিসার প্রবীরের ভূমিকায় অভিনয় করেছেন।
‘দশম অবতার’ মুক্তি পেতে চলেছে আগামী ১৯ অক্টোবর। কলকাতার পরিচালক সৃজিত মুখার্জীর সঙ্গে জয়া আহসানের এটি দুই নম্বর সিনেমা।
এর আগে ২০১৫ সালে সৃজিতের পরিচালনায় ‘রাজকাহিনী’তে অভিনয় করেন জয়া। সাত বছর পর ফের একসঙ্গে।
(এইদিনএইসময/১৫অক্টোবর/জেএস)

