বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদেরকে মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে আপ্যায়ন করানো সরকারি বাহিনীটির প্রধান হারুন অর রশীদের জন্য একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সেই ধারাবাহিকতায় এবার এই পুলিশ কর্মকর্তা নিজের কার্যালয়ে ডেকে নিলেন ফেসবুক ও ইউটিউবের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে খাওয়ালেন কেক আর মিষ্টি!
হিরো আলম নিজেই জানিয়েছেন, আজ রবিবার তার জন্মদিন। সে কারণেই ডিবিপ্রধান হারুন অর রশীদ তাকে ডেকেছিলেন শুভেচ্ছা জানানোর জন্য। সঙ্গে খাইয়ে দিয়েছেন কেক আর মিষ্টি।
রবিবার সাড়ে তিনটার দিকে হিরো আলম বলেন, ‘আজ আমার জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ডিবিপ্রধান হারুন স্যার আমাকে ডেকেছিলেন। আমার জন্মদিন উপলক্ষ্যে ডিবি অফিসে হারুন স্যার কেক কেটেছেন। আমাকে মিষ্টিও খাইয়েছেন।’
গত কয়েক বছর ধরে অসাধ্যকে সাধন করে চলেছেন বগুড়ার ছেলে হিরো আলম। নিজ খরচে ফেসবুক ও ইউটিউবের জন্য বানিয়েছেন অসংখ্য ফানি কনটেন্ট। তিনবার করেছেন সংসদ নির্বাচন। টাকা ঢেলেছেন সিনেমাতে। গেয়েছেন গান।
এই গানের সূত্র ধরেই গত বছরের আগস্ট থেকে ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে পরিচয় হিরো আলমের। যদিও এই পুলিশ কর্মকর্তার সঙ্গে হিরো আলমের প্রথম সাক্ষাৎ সুখের ছিল না।
সে সময় বিকৃত ভাবে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ জানান আলোচিত এক মডেল। এরপর হিরো আলমকে ডাকা হয় ডিবি কার্যালয়ে। তিনি আর বিকৃত করে কোনো গান গাইবেন না, এ মর্মে নেওয়া হয় মুচলেকা।
ওই ঘটনার পর ডিবিপ্রধানের বিরুদ্ধে গণমাধ্যমে ক্ষোভ উগরে দেন হিরো আলম। কিন্তু ধীরে ধীরে সেই ডিবিপ্রধানের সঙ্গেই হিরো আলমের সখ্যতা গড়ে ওঠে। হিরো আলম প্রায়ই বিভিন্ন অভিযোগ এবং সমস্যা নিয়ে হাজির হন ডিবিপ্রধানের কাছে।
তবে এবার হিরো আলম নিজে থেকে গেলেন না, বরং তাকে নিজের কার্যালয়ে ডেকে নিলেন ডিবিপ্রধান হারুন অর রশীদ স্বয়ং। কাটলেন অভিনেতার জন্মদিনের কেক, খাওয়ালেন মিষ্টি। এ ঘটনায় দারুণ উচ্ছ্বসিত হিরো আলম।
নতুন কাজের প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম বলেন, সামনে আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। সিনেমাগুলোর সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এর মধ্যে কয়েকটি সিনেমার সেন্সরও হয়েছে।
এর মধ্যে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা রয়েছে। পাশাপাশি আমার নতুন কিছু গানও মুক্তি পাবে। এসব কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে।
(এইদিনএইসময/২২অক্টোবর/জেএস)

