সেমিফাইনালে ওঠার লড়াইটা জটিল হয়ে গেল পাকিস্তানের

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইটা কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য। মঙ্গলবার (৭ নভেম্বর) আফগানিস্তানকে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমির টিকিট কাটে অস্ট্রেলিয়া। ফলে এখন একটি স্পটের জন্য লড়াই করছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান।

বিশ্বকাপে দারুণ শুরুর পর টানা চার হারের ফলে সেমির দৌড় থেকে প্রায় ছিটকে গিয়েছিল পাকিস্তান। তবে শেষ দুই ম্যাচ জিতে আবারও সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছে বাবর আজমরা। সেমির টিকিট নিশ্চিত করতে হলে বেশকিছু সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে।

আফগানিস্তান, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের একটি করে ম্যাচ রয়েছে। সবচেয়ে সহজভাবে সেমিফাইনালের টিকিট পেতে হলে প্রথমত পাকিস্তানকে নিজেদের ম্যাচটা জয়ের পাশাপাশি প্রত্যাশা করতে হবে আফগানিস্তান ও নিউজিল্যান্ড যেন তাদের নিজ নিজ ম্যাচে পরাজিত হয়।

তবে যদি বাকি দুই দলই জয় পেয়ে যায়, তাহলে পাকিস্তানকে সেমির টিকিট নিশ্চিত করতে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে। কারণ, নিউজিল্যান্ড থেকে পাকিস্তানের রানরেট কম। নিউজিল্যান্ডের রানরেট বর্তমানে +.৩৯৮, পাকিস্তানের +.০৩৬ এবং আফগানিস্তানের রানরেট -.৩৩৮। শেষ ম্যাচে কিউইরা লড়বে শ্রীলংকার বিপক্ষে আর আফগানদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

কিউইরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে ন্যূনতম ১ রানের জয় পায়, সে ক্ষেত্রে ইংল্যান্ডকে ১৩০ রানে হারাতে হবে পাকিস্তানকে। আর যদি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং অল্প ব্যবধানে আফগানিস্তান নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারায়, তাহলে নেট রানরেটের হিসাবে সেমিফাইনালে যেতে পারবে পাকিস্তান।

কিন্তু পাকিস্তান এতো সব পরিসংখ্যানের দিকে তাকাতে চাইবে না অবশ্যই। তাদের প্রথম লক্ষ্য এটাই হবে, তারা যেন নিজেদের ম্যাচটা ঠিকঠাকভাবে জিততে পারুক। আগামী শনিবার (১১ নভেম্বর) বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

সর্বশেষ নিউজ