আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে নানা গুঞ্জন। তবে এই নির্বাচনের বড় খবর ছিল বর্তমান সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণের সভাপতি প্রার্থী খুঁজে না পাওয়া। তবে এবার নায়িকা জানিয়েছেন ইতিবাচক খবর।
সভাপতি প্রার্থী খুঁজে না পাওয়ায় চিত্রনায়িকা নিপুণের প্যানেল গোছানো সম্ভব হয়নি। এদিকে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল তৈরির ঘোষণা দিয়েছেন। তবে সেখানে কারা কারা থাকছেন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এদিকে খবর রটেছে ইলিয়াস কাঞ্চন সরে যাওয়ায় বিপাকে পড়েছেন নিপুণ আক্তার। তবে বিষয়টি উড়িয়ে দিলেন নায়িকা। জানালেন সভাপতি প্রার্থী খুঁজে পেয়েছেন তিনি।
প্রার্থী না পাওয়ায় কোনো চাপে রয়েছেন কিনা জানতে চাইলে নিপুণ সংবাদ মাধ্যমকে বলেন, ‘না, কোনো চাপ নেই। গতবার তো শূন্য থেকে এই জায়গায় এসেছি। আর এবার তো আমার তৈরি মাঠ। সভাপতি প্রার্থী ঠিকঠাক হয়ে গেছে।
তবে সভাপতি প্রার্থীর নাম এখনই ঘোষণা করতে চাইছেন না অভিনেত্রী। তাহলে সেটি নিয়েও রাজনীতি হতে পারে বলে মনে করছেন তিনি। নির্বাচন এখনও অনেক দেরি। সময়মতো পুরো প্যানেল প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এর আগে গুজব ছাড়ায় সভাপতি খুঁজতে সোহেল রানা, শাকিব খান, অনন্ত জলিল প্রমুখের দ্বারস্থ হয়েছেন নিপুণ। কিন্তু কেউ তার ডাকে সাড়া দেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সভাপতি প্রার্থীর জন্য আমি সোহেল রানা ভাইয়ের কাছে যাইনি। আমি শুধুই দোয়া চাইতে গিয়েছিলাম। আপনারা খোঁজ নিতে পারেন।
তিনি আরও বলেন, ‘অনন্ত জলিল ভাই প্রতিবছরই পিকনিকের টাকা দেন। এবারও যখন টাকা আনতে গিয়েছিলাম, বলেছিলাম— ভাইয়া আপনি বিভিন্ন সময়ে চলচ্চিত্রের যে কোনো ব্যাপারে টাকা দেন। আপনি শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে থেকে কাজটি আরও ভালোভাবে করতে পারেন। এতটুকুই। কিন্তু বিষয়টি এত বড় করে ছড়িয়েছে, অবাক হয়েছি।’
অন্যদিকে শাকিব খান ও আরশাদ আদনানের কাছে সভাপতি প্রার্থী হতে কখনও প্রস্তাব দেননি বলে জানান এই অভিনেত্রী।
আগামী ২৭ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল হতে যাচ্ছে। একটি ডিপজল-মিশা প্যানেল, অন্যটি সাধারণ সম্পাদক পদে নিপুণের প্যানেল। সভাপতি পদে আরেকটি প্যানেলে সভাপতি পদে ড্যানি সিডাক থাকার কথা শোনা যাচ্ছে।

