দুর্নীতি-অপশাসন শুধু দেখিনি, তার অংশও ছিলাম: আজমেরী হক বাঁধন

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তিনি দুর্নীতি ও অপশাসন খুব কাছ থেকে দেখেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তার অংশও হয়েছেন। একইসঙ্গে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণকে প্রকৃত উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারকে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঁধন লেখেন, “২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন ঘিরে যে দুর্নীতি ও অপশাসন চালানো হয়েছে, আমি তা শুধু দেখিনি, বরং তার অংশও ছিলাম।”

আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সরাসরি যুক্ত থাকায় তিনি দলটির অনেক গুরুত্বপূর্ণ নেতার খুব কাছাকাছি ছিলেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তার ভাষায়, “শাসক দল তখন প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যা ছিল চরম অনৈতিক এবং অন্যায়। এতে জনআস্থার ভাঙন দেখা দিয়েছে, গণতন্ত্র দুর্বল হয়েছে এবং আমাদের ভবিষ্যতের উপর এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে।

আজমেরী হক বাঁধন

বর্তমান প্রেক্ষাপটে তিনি বলেন, “এইবার সরকার যদি নিরপেক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্ববোধের ভিত্তিতে পথ বেছে নেয়, তাহলে তা হবে একটি প্রকৃত পরিবর্তনের সূচনা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুধু একটি দাবি নয়, এটি এই সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে শক্তিশালী ও অর্থবহ উপহার হতে পারে।”

তিনি আরও যোগ করেন, “আমরা স্বচ্ছতা চাই। আমরা জবাবদিহিতা চাই। আমরা এমন একটি ভবিষ্যৎ চাই, যা সত্যের ভিত্তিতে গঠিত হবে, প্রভাব ও কারসাজির মাধ্যমে নয়।”

অন্যদিকে, আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে আজমেরী হক বাঁধনের নতুন সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ার পরিচালিত এ সিনেমায় তিনি প্রথমবারের মতো একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন পূজা এগনেস ক্রুজ, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকারসহ আরও অনেকে। বিশেষ উপস্থিতিতে আছেন মিশা সওদাগর ও সুমিত সেন গুপ্ত।

সর্বশেষ নিউজ