যাত্রাবাড়ীর বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ, আহত ৫ জন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত চলমান বৃক্ষমেলায় হঠাৎ ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) রাত সোয়া ১০টার দিকে যাত্রাবাড়ী পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর আহত মো. জুয়েলকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বজন শাকিল বেপারী জানান, ১৫ মে থেকে শুরু হওয়া বৃক্ষমেলায় তারা ব্যবসায়িকভাবে অংশ নিয়েছিলেন। মেলার মাঝে হঠাৎ একটি ককটেল এসে জুয়েলের কাছে বিস্ফোরিত হলে তিনিসহ আরও কয়েকজন আহত হন। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন স্থানীয়ভাবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত জুয়েলকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, যাত্রাবাড়ী থানা পুলিশের দাবি, মেয়র হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল ছুড়ে মেলাস্থলে ফেলে থাকতে পারে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা ঘটনায় আতঙ্কিত হলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সর্বশেষ নিউজ