দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৩৪৯ জন আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ২৫৭ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৯২ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জনে। এর মধ্যে নিশ্চিত রোগী ২০ হাজার ৭৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৬ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

