ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি সৌদি আরবভিত্তিক আরব নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টার সংঘর্ষে সরকারি বাহিনী হুথি যোদ্ধাদের প্রতিহত করে। এ সময় ৮০ জনের বেশি হুথি নিহত এবং তাদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়। বাকিরা পিছু হটে।
ইয়েমেনি সেনাবাহিনী জানায়, মারিবের বিভিন্ন সম্মুখসারিতে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলাও চালানো হয়েছে। এতে যোদ্ধাদের সমাবেশস্থল, সামরিক রসদ ও সুরক্ষিত অবস্থান লক্ষ্যবস্তু করা হয়।
মারিব শহরে ২০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। শহরটিতে গুরুত্বপূর্ণ তেল-গ্যাসক্ষেত্র ও বিদ্যুৎকেন্দ্র রয়েছে। দীর্ঘদিন ধরেই হুথিরা মারিব দখলের চেষ্টা চালিয়ে আসছে।

