সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের সাত সদস্য রয়েছেন।
সৌদি গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে স্বামী-স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। অপর গাড়িতে থাকা দুই তরুণও ঘটনাস্থলে প্রাণ হারান।
পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় আল-উকাইর-আল-উয়ুন সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে দীর্ঘ সময় কাজ করতে হয়।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার গত এক দশকে উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে হঠাৎ দিক পরিবর্তন এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখা এখনো দুর্ঘটনার বড় কারণ হিসেবে চিহ্নিত।

