পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখতে জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাঈমুর রহমানকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে দেশে ফেরার পর জ্বালানি কর নিয়ে অর্থবহ আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জামায়াতের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জামায়াতের ট্রেন মার্চ মুলতানে পৌঁছানোর পর হাফিজ নাঈমকে ফোন করেন শেহবাজ। জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে সংঘাতে ফেলা তাদের উদ্দেশ্য নয়। তবে জনগণের সমস্যা তুলে ধরতে প্রতিবাদের অধিকার তারা ছাড়বেন না।
প্রধানমন্ত্রীর অনুরোধে লং মার্চ স্থগিত করা হবে কি না, তা দলের শুরার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
জামায়াত গত ২০ সেপ্টেম্বর করাচি থেকে পেট্রোলিয়াম লেভি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ট্রেন মার্চ শুরু করে।

