ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের ঐতিহাসিক হামলার কয়েক দিন আগেই ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছিলেন মিসরের সাবেক গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিকের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) প্রকাশিত খবরে জানা যায়, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে এক সাক্ষাৎকারে কামেল সরাসরি সতর্ক করে বলেছিলেন— গতিপথ পরিবর্তন না করলে গাজা তাদের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। অবশ্য তিনি হামলার নির্দিষ্ট তারিখ বা বিস্তারিত তথ্য দেননি। ফ্লাইট লগ অনুযায়ী, মিসরীয় গোয়েন্দাপ্রধান যে বিমানে এসেছিলেন তা মাত্র ৬৭ মিনিট বিমানবন্দরে অবস্থান করেছিল।
এর আগে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইয়েনেট’-এর প্রতিবেদনেও দাবি করা হয়েছিল, হামলার প্রায় ১০ দিন আগে নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করা হয়েছিল। কিন্তু ইসরাইলি প্রশাসন সেগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’-এর এক তদন্তেও জানা গেছে, ৭ অক্টোবরের হামলার কয়েক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টও নেতানিয়াহুকে প্রায় ৪৫ মিনিটের ফোনালাপে হামাসের বড় অভিযানের ব্যাপারে সতর্ক করেছিলেন। তবে নেতানিয়াহু এই অতিগুরুত্বপূর্ণ তথ্যটি নিজের দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনীকে জানাননি বলে অভিযোগ উঠেছে।

