ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার নতুন প্রস্তাবের মুখে এই জলপথের নাম বদলে ‘ট্রাম্প স্ট্রেইট’ চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি এই বিতর্কিত মানচিত্রটি পোস্ট করেন।
এর আগে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং লেবাননসহ সর্বাত্মক যুদ্ধবিরতি বাস্তবায়নের শর্তে ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরুর প্রস্তাব দিয়েছিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ সংক্রান্ত ঘোষণা দিলেও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
এর আগে গত ২ সেপ্টেম্বর ট্রাম্প প্রথম এই প্রণালির নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ট্রুথ সোশ্যালে লিখেছিলেন— যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা এই জলপথের নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখা যায় কি না। বর্তমানে সংঘাতময় পরিস্থিতিতে হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার দাবি করছে হোয়াইট হাউস। অন্যদিকে, অবরোধ প্রত্যাহার না হলে এ পথে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে না দেওয়ার অবস্থানে অনড় রয়েছে ইরান।

