কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দেশে থাকলে সাহসের জন্য তরুণ এই কনটেন্ট ক্রিয়েটরকে জড়িয়ে ধরতেন বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী ও বিশিষ্ট সাংবাদিক শহিদুল আলম।
২৭ সেপ্টেম্বর (রবিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
এর আগে চাঁদা দিতে অস্বীকার করায় রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রোপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। ঘটনার পর প্রকাশিত ভিডিওবার্তায় সালমান মুক্তাদির নিজের অবস্থান তুলে ধরে জানান, ব্যাকআপ ছাড়া কিংবা কারও তোষামোদি না করে স্বাধীনভাবে দেশে কাজ করতে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
ভাঙচুরের মাধ্যমে সব ধ্বংস করে দেওয়া হলেও তিনি দমে যাবেন না উল্লেখ করে কাজে অবিচল থাকার বার্তা দেন এই তরুণ। সালমান মুক্তাদিরের সেই সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসাতেই ফেসবুক স্ট্যাটাসটি দেন সাংবাদিক শহিদুল আলম।

