তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-তের ছেলেকে যুক্তরাষ্ট্রে নজরদারির অভিযোগে ওয়ানইং হিদার ঝাং নামে এক নারীকে গ্রেপ্তার করেছে এফবিআই। তার বিরুদ্ধে চীনা সরকারের নিবন্ধনহীন এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
৫ অক্টোবর (সোমবার) লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে তাকে হাজির করা হয়। এর আগের দিন লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাংহাইগামী একটি ফ্লাইটে ওঠার আগে তাকে গ্রেপ্তার করা হয়।
এফবিআইয়ের অভিযোগ, ২০২৫ সালের সেপ্টেম্বরে ঝাং ও তার এক সহযোগী সিয়াটলে গিয়ে তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে লাই থিং-ইউ ও তার পরিবারের ওপর নজরদারি করেন। তদন্তকারীদের দাবি, ঝাং চীনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং লক্ষ্য ব্যক্তির ছবি ও ভিডিও সংগ্রহের কথাও বার্তায় জানিয়েছিলেন।
আদালত ঝাংয়ের জামিন ও হেফাজতসংক্রান্ত শুনানি ৭ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। চীন ও তাইওয়ান সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

