বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন।
৬ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় সময় বেলা ১টার দিকে দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ৫ অক্টোবর (সোমবার) রাতের একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি পৌঁছান দীনেশ ত্রিবেদী।
দিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে ঢাকার বর্তমান অবস্থান সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়াই তার সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এর আগে দুই দেশের মধ্যে আলোচনা হলেও সফরটি এখনো বাস্তবায়িত হয়নি। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের মতো বিষয়ও দুই দেশের আলোচনায় রয়েছে।

