ভারতে ভোটার তালিকা যাচাই ও সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল ও বিভিন্ন আন্দোলনকারী গোষ্ঠীর অভিযোগ, বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় ভারসাম্য নষ্ট হয়েছে। এ কারণেই দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠেছে।
১০ অক্টোবর (শনিবার) নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয় বিরোধী দল ও বিভিন্ন আন্দোলনকারী সংগঠন। আন্দোলনকারীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে। এতে বিশেষ করে সংখ্যালঘু ও নির্দিষ্ট কিছু সামাজিক গোষ্ঠীর ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তাদের।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তালিকা থেকে বাদ পড়া নামের মধ্যে মৃত, অন্য এলাকায় চলে যাওয়া, একাধিকবার নিবন্ধিত এবং খুঁজে পাওয়া যায়নি এমন ভোটার রয়েছেন। কমিশন বলছে, নিয়ম মেনেই যাচাই প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ সঠিক নয়।
অন্যদিকে বিরোধীদের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া কয়েকটি রাজ্যের নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দিয়েছে। বিজেপিও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বিতর্ক আরও বাড়ে যখন নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ কিছু আপত্তির খবর সামনে আসে। অভিযোগ রয়েছে, কমিশনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছিলেন।
সামনে উত্তর প্রদেশসহ অন্তত সাতটি রাজ্যে নির্বাচন হওয়ার কথা। ফলে ভোটার তালিকা যাচাই নিয়ে এই বিতর্ক আগামী নির্বাচনগুলোতেও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। আন্দোলনকারীরা বলছেন, ভোটারদের আস্থা ফেরাতে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দূর করতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ প্রয়োজন।

