বোলারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ গৌতম গম্ভীরের

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

 

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের ক্রমবর্ধমান আধিপত্য এবং বোলারদের জন্য কঠিন হয়ে ওঠা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার মতে, ক্রিকেটের সৌন্দর্য ধরে রাখতে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য থাকা জরুরি। শুধু চার-ছক্কার প্রদর্শনী হলে বোলারদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

১০ অক্টোবর (শনিবার) রাঁচিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টির পর এসব কথা বলেন গম্ভীর। ম্যাচটিতে দুই দল মিলিয়ে ৫০১ রান করে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৪৯ রান। জবাবে শাই হোপ ও শেরফান রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই ২৫২ রান করে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচে কোনো বোলারই ওভারপ্রতি ১০ রানের নিচে রাখতে পারেননি। বিষয়টি নিয়ে গম্ভীর বলেন, ক্রিকেটে ব্যাটার ও বোলার দুই পক্ষেরই সমানভাবে লড়াই করার সুযোগ থাকা দরকার। দর্শক শুধু চার ও ছক্কা দেখতে চাইলে সেটি ভিন্ন বিষয়, কিন্তু প্রকৃত ক্রিকেটে বোলারদেরও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকতে হবে।

ভারতের হারের পেছনে রাঁচির ব্যাটিং সহায়ক উইকেট ও শিশিরের প্রভাব থাকলেও সেগুলোকে অজুহাত হিসেবে দেখাতে চান না গম্ভীর। তিনি বলেন, বিশ্বচ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিজেদের দুর্বলতা চিহ্নিত করে তা থেকে শিক্ষা নেওয়া।

ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ মাত্র ৪৫ বলে অপরাজিত ১০২ রান করেন। শেরফান রাদারফোর্ড ৩৭ বলে করেন ৮৪ রান। দুই ব্যাটারের পারফরম্যান্সের প্রশংসা করে গম্ভীর বলেন, তারা বিশ্বমানের ক্রিকেটার। তবে একই সঙ্গে এমন রানবন্যার ম্যাচ বোলারদের জন্য কতটা প্রতিকূল হয়ে উঠছে, সেটিও গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে।

সর্বশেষ নিউজ