ম্যাচ বাঁচাতে আফগানদের সময়ক্ষেপণ, কায়েসের ‘চোটের নাটক’ নিয়ে সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টের শেষ দিকে আফগানিস্তানের ব্যাটারদের সময়ক্ষেপণ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে কায়েস আহমেদের হঠাৎ হ্যামস্ট্রিংয়ের চোটের অভিযোগ এবং পরে আরেক ব্যাটারের সাইটস্ক্রিন নিয়ে আপত্তি তোলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও বিতর্ক ছড়িয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শেষ হওয়া টেস্টে জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশ ম্যাচ ড্র করে। পঞ্চম দিনের শেষ ভাগে আফগানিস্তানের হাতে ছিল মাত্র দুই উইকেট। এমন সময় ইনিংসের ১৪০তম ওভারে তাইজুল ইসলামের দ্বিতীয় বল ঠেকানোর পর কায়েস আহমেদ হঠাৎ মাঠে বসে পড়েন এবং হ্যামস্ট্রিংয়ে সমস্যা দেখান। সঙ্গে সঙ্গে ফিজিও মাঠে ঢোকেন।

ঘটনাটি দেখে ধারাভাষ্যকার মাজহার উদ্দিন অমি সন্দেহ প্রকাশ করেন। তার মন্তব্য ছিল, রিপ্লে দেখার প্রয়োজন নেই, সবাই বুঝতে পারছেন কী হচ্ছে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও এ সময় বিরক্ত দেখা যায়।

কায়েসের ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যায়। অস্ট্রেলিয়ার ফক্স ক্রিকেটও এ ঘটনার ছবি নিয়ে ফটোকার্ড প্রকাশ করে এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে গুলবদিন নাইবের আলোচিত সময়ক্ষেপণের ঘটনার সঙ্গে তুলনা করে।

কায়েসের পর জিয়াউর রহমান আকবরও সাইটস্ক্রিনে সমস্যা দেখিয়ে কিছুটা সময় নেন। এতে মুশফিকুর রহিমকেও অসন্তুষ্ট দেখা যায়।

শেষ পর্যন্ত আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ১৪২ ওভারে ৮ উইকেটে ৩৪৬ রান করে ম্যাচ ড্র করে। বাংলাদেশের হয়ে লিটন দাস ৫৩ ও ১০২ রানের ইনিংস খেলার পাশাপাশি ৯টি ডিসমিসাল করে ম্যাচসেরা হন। আফগানদের সময়ক্ষেপণ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো শাস্তিমূলক সিদ্ধান্তের কথা জানা যায়নি।

সর্বশেষ নিউজ