সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালিত হওয়ায় ঢাকা থেকে সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।

বুধবার (১৪ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। আর ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর।

ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো, সংযোগ ফ্লাইট ধরা এবং পরবর্তী ভ্রমণসূচি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে কর্মস্থলে যোগ দিতে যাওয়া প্রবাসী শ্রমিক, ওমরাহযাত্রী এবং ট্রানজিট যাত্রীদের বড় অংশ ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত কার্যক্রম চলার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট সূচি পুনর্নির্ধারণ হতে পারে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্লাইট পরিচালনার সময়সূচিতেও পরিবর্তন আসতে পারে। যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে সর্বশেষ তথ্য জেনে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ