সৌদি আরামকোর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত তিন তলা

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ভবনের ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।

বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গভীর রাতে ধাহরানে আরামকোর সদর দপ্তর কমপ্লেক্সে হামলার পর কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বার্তা সংস্থা রয়টার্সকে আরামকোর একটি সূত্র জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সদর দপ্তর কমপ্লেক্সের একটি অফিস ভবনে আঘাত হানে। এতে ভবনটির ওপরের তিনটি তলায় ক্ষয়ক্ষতি হয়।

ধাহরানের এই কমপ্লেক্স থেকেই সৌদি আরামকোর গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। এখান থেকে স্থল ও সমুদ্রভিত্তিক তেলক্ষেত্র, পাইপলাইন, শোধনাগার ও তেল রপ্তানি টার্মিনালসহ বিস্তৃত অবকাঠামোর কার্যক্রম তদারকি করা হয়।

ইয়েমেনে চলমান সংঘাতকে কেন্দ্র করে গত এক সপ্তাহে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রিয়াদে দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এ ছাড়া রাজধানীর অন্তত ১৫টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি ধাহরানে আরামকোর সদর দপ্তর ও রিয়াদের একটি তেল শোধনাগারকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিলেন। সৌদি আরবের জ্বালানি স্থাপনার কর্মীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছিল।

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ধাহরানে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয় এবং এর ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়ে। তবে আরামকোর সদর দপ্তরে আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যভেদ করেছে কি না, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

সর্বশেষ নিউজ