ভালো বেতনের চাকরির কথা বলে সৌদি আরবে পাঠানোর পর এক বাংলাদেশিকে জিম্মি করে পরিবারের কাছে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে করা মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লাভলু মিয়া ওই এলাকার জয়তুল্লাহর ছেলে। মামলার আরও দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়। তাঁর পরিবারের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা নেওয়ার পর তাঁকে সৌদি আরবে পাঠানো হয়।
কিন্তু সেখানে যাওয়ার পর প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়। পরিবার সাইফুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করলে অভিযুক্তরা আরও ১৬ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ।
টাকা না দেওয়ায় সাইফুলকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া এবং তাঁকে জিম্মি করে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে।

