অর্থসংকটের কারণে গাজায় খাদ্যসহায়তা প্রায় এক-তৃতীয়াংশ কমাতে বাধ্য হচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এতে যুদ্ধ ও দীর্ঘ মানবিক সংকটে বিপর্যস্ত প্রায় পাঁচ লাখ মানুষ নতুন করে খাদ্য অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।
সোমবার (১৯ অক্টোবর) সংস্থাটি জানিয়েছে, গত তিন বছর ধরে গাজার বিপুলসংখ্যক পরিবারের জন্য তাদের খাদ্যসহায়তা জীবনরক্ষাকারী ভূমিকা পালন করেছে।
২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর ডব্লিউএফপি প্রতি মাসে প্রায় ১৬ লাখ মানুষের কাছে বিভিন্ন ধরনের খাদ্য ও নগদ সহায়তা পৌঁছে দিচ্ছিল। এসব সহায়তার মধ্যে গমের আটা, রুটি, রান্না করা খাবার, পুষ্টিসামগ্রী, স্কুলের নাশতা ও নগদ অর্থ ছিল।
কিন্তু তহবিল ঘাটতির কারণে চলতি মাসে মাত্র ১১ লাখ ঝুঁকিপূর্ণ মানুষকে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে। সেপ্টেম্বরে সংখ্যাটি ছিল ১৬ লাখ।
শীত সামনে রেখে খাদ্য বরাদ্দ কমে যাওয়ায় গাজার বাস্তুচ্যুত ও দরিদ্র পরিবারগুলোর ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডব্লিউএফপি আন্তর্জাতিক দাতা ও অংশীদারদের কাছ থেকে জরুরি অর্থসহায়তা পাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে।

