ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় দুই বছর পূর্তিকে কেন্দ্র করে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক জনমত জরিপে প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়ার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভের ডাক আসে।
পুলিশ জানিয়েছে, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি ঘোষণা করেছে। সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, সড়ক ও বিক্ষোভস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা জানিয়েছে, সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের বড় পতন এবং ইন্দোনেশীয় রুপিয়ার মূল্যহ্রাসসহ বিভিন্ন ইস্যুর প্রতিবাদে তারা রাস্তায় নামবে।
শিক্ষার্থীদের মতে, শেয়ারবাজারের পতন ও মুদ্রার দুর্বলতা দেশটির অর্থনৈতিক ভঙ্গুরতার লক্ষণ।
তবে বিক্ষোভে মোট কত মানুষ অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, তবে সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।

