কয়েক মাসের মেয়েকে রেখে ৩৪ বছর বয়সেই চলে গেলেন সাহারা

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

মাত্র কয়েক মাসের কন্যাসন্তানকে রেখে ৩৪ বছর বয়সে মারা গেছেন অস্ট্রেলীয় মডেল, ফ্যাশন ডিজাইনার ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সাহারা রে। রোববার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তান স্নোর জন্ম দেন সাহারা। মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে ঘিরে একাধিক আবেগঘন পোস্ট করেছিলেন তিনি।

পরিবার জানিয়েছে, মৃত্যুর সময় সাহারার স্বজনেরা তাঁর পাশে ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ব্রিটিশ ও মার্কিন কয়েকটি বিনোদনমাধ্যম ঘনিষ্ঠ সূত্রের বরাতে দাবি করেছে, শক্তিশালী ব্যথানাশক ফেন্টানিলের অতিরিক্ত মাত্রা গ্রহণের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জীবনরক্ষাকারী ব্যবস্থায় রাখা হয়েছিল।

সাহারা ২০১৬ সালে কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের গুঞ্জনের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছিলেন। তাঁর সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটিও ছিল কন্যা স্নোকে ঘিরে।

সর্বশেষ নিউজ