নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ বাজারের মূল্যবান সরকারি জায়গা দখল করে পাকা বহুতল ভবন নির্মাণ করছেন এক প্রভাবশালী। ফলে হাটে চলাচল সংকীর্ণ হওয়ার পাশাপাশি এলাকার জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও ছাতারদীঘি ইউনিয়ন ভূমি কার্যালয়ে একাধিক লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ঐতিহ্যবাহী কালিগঞ্জ ধান হাটের পাশে তারাপদ ঘাটমাঝির কাছ থেকে ২ শতক জায়গা কিনেন পশের রাণীনগর থানার পাঁচুপুর গ্রামের মৃত কাজেম আলীর ছেলে আশরাফ আলী। এরপর ক্ষমতাসীনদের টাকা দিয়ে তার কেনা জায়গা সংলগ্ন ধান হাটের গুরুত্বপূর্ণ প্রায় ৭ শতক সরকারি জায়গায় টিনের বেড়া দিয়ে নিজের দখলে নেন প্রভাবশালী আশরাফ আলী। এখন সেই দখলকৃত জায়গায় পাকা বহুতল ভবন নির্মাণ শুরু করেছেন। আর সেখানে ভবন নির্মাণ করতে নিষেধ করায় সাধারণ মানুষকে এলাকা ছাড়া করারও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাছাড়া সরকারি জায়গা জবর দখল করে ভবন নির্মাণের ফলে পাশের সংখ্যালঘু সম্প্রদায়ের ৬/৭টি পরিবারের চলাচল বন্ধ হতে বসেছে।
এ বিষয়ে প্রতিবেশী প্রভাতী রাণী বলেন, জনৈক আশরাফ আলী নামে এক ব্যক্তি তার শ্বশুর তারাপদ ঘাটমাঝির কাছ থেকে সেখানে মাত্র ২ শতক জায়গা কিনেন। এখন সে ধান হাটের গুরুত্বপূর্ণ অনেক জায়গা দখল করে ভবন নির্মাণ শুরু করেছেন। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবারের চলাচল বন্ধ হতে বসেছে। বাড়িতে তার শতবর্ষী শ্বাশুড়ি মৃত্যু শয্যায় দিন গুনছেন। মারা গেলে তার মৃতদেহটি বের করা কঠিন হয়ে যাবে। আর এ বিষয়ে বলতে গিয়ে তাদেরকে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন প্রভাবশালী আশরাফ আলী।
কালিগঞ্জ ধান হাট-বাজারের খাজনা আদায়কারী বাবলু প্রামাণিক বলেন, তিনি প্রায় ২১ বছর ধরে এই হাটে খাজনা আদায় করেন। হঠাৎ রাতারাতি সরকারি জায়গা দখল করে এভাবে বহুতল পাকা ভবন নির্মাণের হাটের জায়গা সংকীর্ণ হচ্ছে। ফলে কৃষকের ধান কেনা-বেচা বাধাগ্রস্ত হচ্ছে। আর এভাবে সরকারি জায়গা দখল হতে থাকলে এক সময় সেখান থেকে হাট-বাজারের বিলুপ্তি ঘটার আশংকা প্রকাশ করেন তিনি।
এবিষয়ে লিখিত অভিযোগকারী সহিদ হোসেন ও আনন্দ ঘাটমাঝী বলেন, সরকারি জায়গা দখলের পাশাপাশি তাদের নিজস্ব জায়গাও দখলের পাঁয়তারা করছেন প্রভাবশালী আশরাফ আলী। জনস্বার্থে তারা লিখিত অভিযোগ করেছেন। তাদেরকে অভিযোগ তুলে নিতে মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফ আলী মুঠোফোনে বলেন, তিনি কালিগঞ্জ বাজারে বিয়ে করেছেন। আর এই সূত্র ধরেই পাশের থানা থেকে এসে সেখানে ২ শতক জায়গা কিনে ৫ তলা ভবন নির্মাণ করছেন। কেনার পর কোন মাপ- যোগ নেই। কতখানি জায়গা আছে তার জানা নেই। তিনি প্রভাবশালীও নন আর কাউকে হুমকি-ধামকিও দেননি।
এ বিষয়ে ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা বলেন, এই ভবন নির্মাণের বিষয়ে তিনি বিব্রতকর অবস্থায় পড়েছেন। কারণ যিনি ভবন নির্মাণ করছেন তিনি তার মেয়ের শ্বশুর। তবে তিনি ন্যায়ের পক্ষে রয়েছেন এবং সেখানে ভবন নির্মাণে নিষেধও করেছেন। কিন্তু তার কথার কোন কর্নপাত করা হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে আর কোন ভবন নির্মাণের সুযোগ নেই।
(এইদিনএইসময়/২৭জুন/এলএ)

