ফরিদপুরে কাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
spot_img
spot_img

ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে তরুণীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের আলোচিত মামলায় ৮ আসামির সবাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাঁদের কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) এবং রিয়াজ শিকদার। তারা সবাই ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফরিদপুরের ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনে এক তরুণীকে জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। একই সঙ্গে ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিওচিত্র মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে ভিডিও ক্লিপটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হস্তগত হলে তদন্ত শুরু হয় এবং ২০২০ সালের আগস্টে মূল অভিযুক্ত শাহীন শেখকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, এই দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে এবং সমাজে এ ধরনের জঘন্য অপরাধ প্রবণতা কমবে।

সর্বশেষ নিউজ