প্রযোজক রহমত উল্লাহর বিচার ‍শুরু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ঢালিউড সুপারস্টার শাকিব খানের করা চাঁদাবাজি ও হত্যার হুমকির মামলায় কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে ওই প্রযোজকের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ বুধবার (৫জুলাই) ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়েদা হাফসা ঝুমার আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এ অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৯ আগস্ট তারিখ ধার্য করেছেন। এ সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।

অন্যদিকে, আদালতের অনুমতি ছাড়া আসামি রহমত উল্লাহর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান। আদালত আবেদন মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ দেশের বাইরে যেতে পারবেন না।

উল্লেখ্য, গত ২৩ মার্চ শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলাটি করেন। এর আগে এই প্রযোজক শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও এক নারী সহ-প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ করেন।

এরপরই শাকিব খান গুলশান থানায় যান রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে মামলা করতে। সে সময় থানা থেকে মামলা না নিয়ে কিং খানকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়। পরে শাকিব খান তাই করেন।

(এইদিনএইসময়//৫জুলাই/তাবী)

সর্বশেষ নিউজ