সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জে পিডিবির প্রকৌশলীকে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে। বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে পিডিবির অবৈধ লাইন নির্মাণে বাধা দেওয়ায় মঙ্গলবার উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে বেধড়ক মারধর করা হয়। এরপর ঘরে আটকে রেখে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, বাপেক্সের উন্নয়ন প্রকল্পের বিদ্যুৎ লাইন নির্মাণে ফেনী থেকে ঠিকাদারের লোকজন কোম্পানীগঞ্জে এসে নির্ধারিত কাজ না করে ৮ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ লাইন নির্মাণ শুরু করে। বিষয়টি জানতে পেরে তিনি গিয়ে কাজ বন্ধ করে দেন। এরপর বিকাল ৪টার দিকে পুনরায় অবৈধ লাইন নির্মাণকালে বাধা দিলে যুবলীগের নেতা মো. খোকন ও শিপন শাহরিয়ারসহ কয়েকজন তাকে মারধর করেন। সেখান থেকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাতের কাছে নিয়ে যায়। একটি ঘরে আটকে রেখে তাকে শাহদাতসহ কয়েকজন দ্বিতীয় দফায় মারধর করে। এ সময় তারা তার মাথার চুল কেটে দেন। এরপর ছবি ফেসবুকে ছড়িয়ে দেন খোকন। খবর পেয়ে ফেনী থেকে পিডিবির লোকজন এসে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি কুমিল্লায় চিকিৎসা নিচ্ছেন।
শাহদাত হোসেন জানান, আমার সঙ্গে কিছু হয়নি। দুটি খুঁটি স্থাপনে এক লাখ টাকা দাবি করায় লোকজন তাকে ধরে থাপ্পড় দিয়েছে আরকি। লোকজন তাকে মেরেছে, তখন তিনিও কয়েকটি দিয়েছেন। তার চুল কেটে দেওয়া হয়েছে বলেও তিনি স্বীকার করেন। বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শিপন শাহরিয়ার দাবি করেন, শাহদাত হোসেন সম্পর্কে বাজে মন্তব্য করায় এলাকার নারীরা প্রকৌশলীকে গণপিটুনি দিয়েছে। শাহদাত তাকে রক্ষা করেছেন।
বিষয়টি নিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, ঘটনাটি শুনেছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
(এইদিনএইসময়/১৩জুলাই/২০২৩)

