কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও দুই বছর বয়সী ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগে ইমন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় শালঘর এলাকায় এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ধারালো অস্ত্রের আঘাতে ইমনের মা পেয়ারা বেগম, ভাবি রাবেয়া বেগম ও দুই বছর বয়সী ভাতিজি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই পেয়ারা বেগম ও শিশুটির মৃত্যু হয়। রাবেয়া বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ জানিয়েছে, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পর ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।

