রাজধানীর আজিমপুরে সরকারি কোয়ার্টারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক নারীসহ দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে নুরুল আমিন ও লুৎফন নাহারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, আর্থিক প্রয়োজনের কারণে ওই তরুণী প্রায় এক মাস আগে লুৎফন নাহারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় লুৎফন নাহার তাঁকে আজিমপুরের সরকারি কোয়ার্টারে নুরুল আমিনের বাসায় নিয়ে যান।
অভিযোগে বলা হয়, সেখানে একা পেয়ে নুরুল আমিন তরুণীকে ধর্ষণ করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই আসামিকে আটক করে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখার আবেদন মঞ্জুর করেছেন আদালত।

