রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামসুজ্জোহা সরকার আদালতে এ আবেদন করেন।
রিমান্ড আবেদনে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—মরিয়মের মৃত্যুর সময় আসামিদের ভূমিকা ছিল কি না, তাঁকে আত্মহত্যায় প্ররোচনা বা মানসিক চাপ দেওয়া হয়েছিল কি না, পলাতক আসামি ওবায়দুর রহমানের অবস্থান শনাক্ত, অন্য কেউ জড়িত ছিল কি না এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন।
এর আগে রোববার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা করেন।
এজাহারে গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

