বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ ওষুধসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় অভিযান চালায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। জব্দ ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের হারুন মিয়া, নাইক্ষ্যংছড়ির জিদান বড়ুয়া এবং উখিয়ার মো. আকছার।
বিজিবির ধারণা, ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। উদ্ধার মালামাল যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।

