টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাইজখাড়া সেতুর কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে করা মামলায় প্রধান ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলম ও সাব-ঠিকাদার শাহ আলমকে আসামি করা হয়েছে। জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রায় ১০ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। অভিযোগ রয়েছে, রোববার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের না জানিয়ে ফুটপাতের স্ল্যাবে বাঁশ ব্যবহার করে ঢালাই করেন।
উপজেলা প্রকৌশলী ঘটনাটিকে গুরুতর অনিয়ম উল্লেখ করে জানিয়েছেন, কাজের মান যাচাইয়ে প্রয়োজনীয় পরীক্ষা চলছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

