খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তাকে নির্যাতন করে চুরির স্বীকারোক্তি আদায়ের পর পুলিশে দেওয়ার ভয় দেখানো হলে তিনি আতঙ্কে চারতলার ছাদ থেকে পাশের তৃতীয় তলায় লাফ দেন। পরে পা পিছলে নিচে পড়ে তার মৃত্যু হয়।
বুধবার রাতে গ্রেপ্তার হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ আসিফ হোসেন জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এসআরবি-৬ জানায়, আসিফকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই ঘটনায় হাবিব রিফাত, তারেক ওরফে রুবেল এবং প্রতাপ সরকারকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীরা ঘটনাস্থল, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ ও অন্যান্য আলামত যাচাই করছেন। হরিণটানা থানার ওসি মো. ইকবাল হোসেন জানিয়েছেন, মামলার আরও একজন গুরুত্বপূর্ণ আসামি মেস ম্যানেজার মেহেদীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

