ময়মনসিংহের ফুলপুরে ১০ টাকার বিনিময়ে টিকটক ভিডিওর জন্য পুকুরে ঝাঁপ দিয়ে সৌরভ ক্ষত্রিয় (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মূল আসামি আবদুল হাকিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর (শনিবার) ফুলপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ মার্চ শিশু সৌরভকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন হাকিম। কথা মতো সৌরভ লাফ দিলে পানির নিচে থাকা ধারালো লোহার তারকাঁটা তার পায়ে বিদ্ধ হয়ে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। আহত সৌরভকে ঘটনাটি কাউকে জানাতে নিষেধ করেন হাকিম। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৫ দিন পর শিশুটি মারা যায়।
এ ঘটনায় সৌরভের মা বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করলে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত হাকিম। দীর্ঘ এক বছর পাঁচ মাস আত্মগোপনে থাকার পর ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে নিজ এলাকায় ফিরে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

