নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে গণডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অস্ত্রের মুখে সাড়ে ৭ ভরি স্বর্ণ এবং ২ থেকে ৩ শত ভরি রুপা লুট করে নিয়ে গেছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) খবর পাওয়া যায়, বন্দর থানার ১নং ঢাকেশ্বরী বাজারস্থ দেবাশীষ ঢালীর দোকানে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় ডাকাত দলের মারধরে আহত হন দোকানের মালিক দেবাশীষ ঢালী। এছাড়া দোকানে আসা ক্রেতাদের কাছ থেকেও সাড়ে ৩ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় ডাকাতেরা। ডাকাতির এই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ঘটনার পর পরই বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

