কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধে জড়িত সন্দেহে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেন।
২৬ সেপ্টেম্বর (শনিবার) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি উপস্থিতিতে ১৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে। সেদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা ধরে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের ওপর এই তল্লাশি চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একইভাবে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করেছিল জেলা পুলিশ, যাদের মধ্যে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল এবং বাকিদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। উঠতি বয়সি কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

