জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক স্থানীয় যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান তালুকদার।
গ্রেপ্তারকৃত রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা এলাকার আলতাফ আলীর ছেলে। তিনি রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরি ও কেনাবেচা চক্র পরিচালনা করে আসছিলেন।
গ্রেপ্তার যুবদল নেতার বিষয়ে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক জানান, তাকে খুব দ্রুতই দলীয় পদ থেকে বহিষ্কার করা হবে। আটককৃত সোহাগকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

