কক্সবাজারে অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার লাশ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে অপহরণের পর হাত-পা বেঁধে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম ইসফাতুল ইসলাম জিসান (২৪)। তিনি কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
২৭ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে অবস্থানকালে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে এসে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। স্বজনদের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ কপাল ও গলায় আঘাতের স্পষ্ট চিহ্নসহ লাশটি উদ্ধার করে।
চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

সর্বশেষ নিউজ