লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের মোটা অঙ্কের ঘুষ গ্রহণ ও দরকষাকষির একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিও ছড়িয়ে পড়তেই স্থানীয় পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়।
২৭ সেপ্টেম্বর (রবিবার) রাতে সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রথম প্রকাশ্যে আসে। ভিডিওতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বিল পাস করানো ও অনিয়মের ফাইল সই করার বিনিময়ে প্রকাশ্যে ঘুষের অঙ্কের হিসাব কষতে দেখা যায়।
প্রকাশিত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিল সংক্রান্ত কাজের জন্য দুই কোটি টাকা ঘুষ না পেলে তিনি বিলে স্বাক্ষর করবেন না। পাশাপাশি চুক্তির বাইরে টাকা না দিলে কাজ আটকে রাখা এবং চেয়ারম্যান পর্যন্ত ফাইল গেলেও সুবিধা হবে না বলে চ্যালেঞ্জ ছুরে দেন। এছাড়া ভিডিওতে একাধিক ব্যক্তির নিকট থেকে তাকে নগদ অর্থ গ্রহণ করতেও দেখা যায়।
এ বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

