কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে চার দিনেও ফেরেনি মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামের নবম শ্রেণির দুই শিক্ষার্থী। ঘটনাটি নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
২৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামের বাড়ি থেকে কাশিনগর আল আমিন মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় ওই দুই সহপাঠী। কিন্তু দিন শেষে তারা আর বাড়ি ফেরেনি। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় থানায় জিডি করেন মাহিমার মা তাছলিমা আক্তার।
কাশিনগর আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ জানান, নিখোঁজের দিন ওই দুই শিক্ষার্থী মাদ্রাসায় উপস্থিত হয়নি। চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জিডির সত্যতা নিশ্চিত করে জানান, প্রযুক্তির সহায়তায় দুই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের চেষ্টা জোরদার রয়েছে।

