কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি ভবনের ক্যাপসুল লিফটের নিচ থেকে মো. কিরণ মিয়া নামে এক রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৮ সেপ্টেম্বর (সোমবার) রাতে ১ নম্বর সেকশনের জনতা ব্যাংক ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিরণ মিয়ার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল ১১টার দিকে নাশতা করার কথা বলে বাড়ি থেকে বের হন কিরণ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ভবনটির লিফট পরীক্ষা করা হয়। লিফট খুলে নিচে তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, বকেয়া বেতনের টাকা চাইতে গিয়ে কিরণ মিয়া মারধরের শিকার হয়ে থাকতে পারেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
ঘটনার সময় ভবনের সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল এবং দারোয়ানকেও পাওয়া যায়নি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

