পাবনা শহরে নাশকতা সৃষ্টি ও মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩০ সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আটককৃতরা মাইক্রোবাসযোগে শহরে এসে নাশকতার উদ্দেশ্যে মিছিল করার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৫ আগস্টের পর এ নিয়ে ৩য় বারের মতো আটক হলেন আব্দুল ওহাব। ২০২৫ সালের ফেব্রুয়ারি ও চলতি বছরের এপ্রিলে আটকের পর জামিনে মুক্ত হয়ে পুনরায় রাজনৈতিক তৎপরতা ও অপচেষ্টা চালানোর সময় তিনি পুলিশের হাতে ধরা পড়লেন।

